পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে ‘কাগজে বাঘ’ বলে উল্লেখ করে এর পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। প্রয়োজনে চুক্তি বাতিল করে পাহাড়ের সব জনগোষ্ঠীর অংশগ্রহণে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নেরও আহ্বান জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক এক আঞ্চলিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)।

অধ্যাপক মাহফুজ পারভেজ তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ক্ষুদ্র দলীয়, গোষ্ঠীগত ও উপজাতীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে চুক্তির সব পক্ষের দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। তিনি অভিমত প্রকাশ করেন, শুধু সরকারকে দায়ী করে চুক্তি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুললে সমস্যার সমাধান হবে না।

শিক্ষাবিদ মাহফুজ পারভেজ উল্লেখ করেন, চুক্তির স্বাক্ষরকারী হিসেবে জনসংহতি সমিতিরও এখানে দায়িত্ব রয়েছে। তাঁর ভাষ্য, শুধু সরকারের ওপর দায় চাপিয়ে না দিয়ে চুক্তি বাস্তবায়নে নিজেদের ভূমিকা পালন করতে হবে। আঞ্চলিক পরিষদের নেতৃত্বকে পাহাড়ের অন্য জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ারও প্রস্তাব দেন তিনি।

পাহাড়ের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, হামলা, বাজার ও ব্যাংক লুট, পর্যটকদের জিম্মি করা এবং চাঁদাবাজির মতো ঘটনা চলতে থাকলে শান্তিচুক্তিকে সফল বলা যায় না। তিনি আরও বলেন, রাজনৈতিক সমস্যার সমাধানে আলোচনার উদ্যোগ না নিয়ে পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনী সেখানে গেলে সামরিকীকরণের অভিযোগ ওঠে। তাঁর মতে, সংঘাতের কারণ দূর করতে রাজনৈতিক সংলাপের উদ্যোগ নিতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোথায় সেনাবাহিনী বা নিরাপত্তা স্থাপনা থাকবে, তা রাষ্ট্রীয় নীতির বিষয়। চুক্তির পর যেসব এলাকায় সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেসব এলাকার নিরাপত্তা পরিস্থিতিও মূল্যায়ন করা প্রয়োজন বলে মত দেন তিনি।

চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে একটি স্বাধীন মূল্যায়ন কমিশন গঠনের প্রস্তাব দেন অধ্যাপক মাহফুজ পারভেজ। তিনি বলেন, কোনো ব্যক্তি বা নির্দিষ্ট নেতার মতামতের ভিত্তিতে নয়, পাহাড়ের সব জনগোষ্ঠী ও অংশীজনের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভূমি বিরোধসহ অন্যান্য সংকট সমাধানে বহুপক্ষীয় সংলাপের মাধ্যমে রূপরেখা তৈরি করার ওপর গুরুত্ব দেন তিনি।

পাহাড়ের উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সংস্কৃতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এই শিক্ষাবিদ।

অধ্যাপক মাহফুজ পারভেজ আরও বলেন, আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৩০ বছর পূর্ণ হবে। এ প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে নাগরিক সংলাপের মাধ্যমে চুক্তির পুনর্মূল্যায়নের দাবি জানানো হচ্ছে। তাঁর ভাষ্য, প্রয়োজনে চুক্তি বাতিল করে বর্তমান বাস্তবতা ও জনগণের আশা-আকাঙ্ক্ষার আলোকে নতুন চুক্তির রূপরেখা প্রণয়ন করতে হবে।

শিক্ষাবিদ ড. শরিফ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এই সংলাপে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব। এ সময় আরও বক্তব্য দেন নাজমুল ইসলাম চৌধুরী, হাসিনা জাকারিয়া, রাজনীতিবিদ গোলাম ফারুক ও ইমন মোহাম্মাদ প্রমুখ।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪