কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার রাত ২টা ১০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ব্রহ্মপুত্র সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, যশোরের বিভিন্ন এলাকা ও এমএম কলেজের প্রায় ৪৫ থেকে ৫০ জন শিক্ষার্থী ও কর্মী বৃহস্পতিবার রাতে সিলেটের উদ্দেশে রওনা হন। শুক্রবার জাফলংসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে রাতে বাসে করে যশোরে ফিরছিলেন তাঁরা। পথে ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত যাত্রী শাকিব মিয়া বলেন, ‘আমরা শিক্ষা ও আনন্দ সফরে সিলেটে গিয়েছিলাম। ফেরার পথে ভৈরবে বাসটি খাদে পড়ে গেলে প্রায় ২৫ থেকে ২৬ জন আহত হন। আমিসহ ১৯ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। পরে তিনটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এসেছি। আমাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।’

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওহাব বলেন, ‘আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। বাড়ি দূরে হওয়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।’

ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, যশোরের এমএম কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেটে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে নড়াইল এক্সপ্রেস নামের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের বিকল্প বাসের ব্যবস্থা করে যশোরে পাঠানো হয়েছে।

Source: জাগো নিউজ২৪