রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) শনিবার (২৮ নভেম্বর) শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারীকে আটক করেছে।

আরএমপির মিডিয়া মুখপাত্র ও আরএমপি ডিবি প্রধান গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাফসির মাহফিলে বিপুল সংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারির ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারীকে আটক করা হয়।

আটকদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

আজ শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪