চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনার পর ক্যাম্পাসে এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জাগো নিউজ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী তাদের একজনকে ডেকে নিয়ে যান। পরে ভৈরবের পক্ষ থেকে জুনিয়রদের ওই শিক্ষার্থীর কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে।
এ ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন। সেখানে দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। ভৈরব বর্মণ জানান, তাঁর সঙ্গে পাঁচজন শিক্ষার্থীর তর্ক হয়। এদের মধ্যে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজী ছিলেন। তিনি আরও জানান, শুরুতে ব্যাচের শিক্ষার্থীরা আলোচনায় বসেছিলেন। আলোচনা সুন্দরভাবে চললেও একপর্যায়ে অপর পক্ষের শিক্ষার্থীরা তাঁর বন্ধুদের মারধর করেন। এরপর পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ বিষয়ে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিকও মারধরের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। বাকি দুইজন চিকিৎসকের পরামর্শ না নিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।
হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে জানা যাবে কারা এতে জড়িত।
এমআরএইচ/এসএনআর
Source: জাগো নিউজ২৪






