রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার বেশ কয়েকটি স্থানে শনিবার (২৮ নভেম্বর) সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি লাইনের কাছাকাছি গাছপালার ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে শনিবার পর্যায়ক্রমে কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া ও কসবা ফিডারের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: জাগো নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী।

Source: জাগো নিউজ২৪