সাতক্ষীরায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আমির হামজা নামের এক যুবক। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে। জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল থেকে তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও মোবাইলফোন জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে এক তরুণীকে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় নিয়ে তরুণীর পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ের অসংগতি ধরা পড়লে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, তার জাতীয় পরিচয়পত্রে নাম আমির হামজা উল্লেখ থাকলেও উদ্ধার করা সেনাবাহিনীর পরিচয়পত্রে নাম রয়েছে মিনাজ উদ্দীন। এসময় তার কাছ থেকে একটি পরিচয়পত্র ও মোবাইলফোন জব্দ করা হয়।

আটক আমির হামজা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে মুহুরি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Source: জাগো নিউজ২৪