আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর মিঞাপাড়ায় অবস্থিত পৈতৃক বসতভিটা বারবার ভাঙার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং অবশিষ্ট জমি ও স্থাপনা সংরক্ষণের দাবিতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা এবং বসতভিটাটি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার অবশিষ্ট ০.১৬০৩ একর জমি দ্রুত অবমুক্ত করা, বিদ্যমান ইজারা পুনর্বিবেচনা এবং ঐতিহাসিক স্থানটিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা। দেশভাগের আগে রাজশাহীর মিঞাপাড়ার পৈতৃক বাড়িতেই তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। ফলে বাড়িটি বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।

২০০৮ সাল থেকে ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ সেখানে নিয়মিত চলচ্চিত্র উৎসব ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছে। ২০১৯ সালে বাড়িটির একাংশ ভাঙার উদ্যোগ নেওয়া হলে দেশ-বিদেশে প্রতিবাদের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেই উদ্যোগ বন্ধ হয়।

২০২১ সালে বাড়িটি সংরক্ষণের জন্য সরকারি প্রাক্কলন প্রস্তুত করা হলেও অর্থ বরাদ্দের অভাবে তা বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে জেলা প্রশাসন জমিটি অবমুক্ত করার উদ্যোগ নিলেও ২০২৪ সালের আগস্টে বসতভিটার অবশিষ্ট কক্ষগুলো ভেঙে ফেলা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে তদন্তপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয় স্মারকলিপিতে।

গত ১৭ নভেম্বর আবারও বসতভিটার টিকে থাকা অংশ ভাঙার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা বাধা দিলে শ্রমিকরা জানান, তাদের জায়গাটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিষ্কারের নামে স্থাপনাটির একটি দেওয়ালের উল্লেখযোগ্য অংশ ভেঙে ফেলা হয়েছে।

ভূমিমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে পাঁচ দফা দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। সেগুলো হলো—

  • ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটা বারবার ভাঙার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্তসাপেক্ষে দায়ীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে;
  • ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার টিকে থাকা অংশসহ অবশিষ্ট ০.১৬০৩ একর জমি সংরক্ষণ এবং সেখানে তাঁর নামে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে জমিটি দ্রুত অবমুক্ত করতে হবে;
  • ১৯৮৭-৮৮ সালের দিকে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুকূলে দেওয়া জমির ইজারা পুনর্বিবেচনা করতে হবে। প্রয়োজনে ইজারা বাতিল করে জমিটি সরকারি বা জেলা প্রশাসনের অধীনে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে;
  • অবশিষ্ট ০.১৬০৩ একর জমির চারদিকে দ্রুত উঁচু সীমানাপ্রাচীর নির্মাণ করতে হবে। একই সঙ্গে স্থানটিকে সংরক্ষিত এলাকা এবং ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণের জন্য নির্ধারিত স্থান হিসেবে উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন ও প্রবেশের জন্য একটি গেট নির্মাণ করতে হবে;
  • ভবিষ্যতে সেখানে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণ করে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ ও ‘ঋত্বিক ফিল্ম ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি চলচ্চিত্র সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, প্রদর্শনী গ্যালারি, চলচ্চিত্রবিষয়ক গবেষণাগার, গ্রন্থাগার এবং চলচ্চিত্র ও সংস্কৃতিকর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তুলতে হবে।

স্মারকলিপি প্রদান ও ভূমিমন্ত্রীর আশ্বাসের এই তথ্য জানিয়েছে জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪