সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় খাস জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কাছের জনতা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের বাসিন্দা জাকিরুল আজাদ মান্না ও একই ইউনিয়নের জলুসা গ্রামের বাসিন্দা নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলমান রয়েছে। এর আগেও উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে জাকিরুল আজাদ মান্না ও নূরে আলম জিকুর অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় গেলে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তী সময়ে সেই বাকবিতণ্ডাই সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে জনতা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধ হন। এ ছাড়া উভয় পক্ষের মিলিয়ে মোট ২৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবৎ চলমান। এর আগেও তারা কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়েছেন। তিনি জানান, জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এবারের সংঘর্ষ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাটি দুর্গম এলাকায় ঘটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তা শেষ হয়ে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
Source: জাগো নিউজ২৪






