দুই বছর ধরে চলা অনিশ্চয়তা ও নানা প্রতিকূলতার পর কলকাতার নিউমার্কেটে ব্যবসা-বাণিজ্য সবে গতি পেতে শুরু করেছিল। সেই সময় ফের ধাক্কা এলো ভিন্ন কারণে। এবার শঙ্কা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে। এই ঘটনা কলকাতার তথাকথিত ‘মিনি বাংলাদেশ’-এর ব্যবসায়ীদের উদ্বিগ্ন করে তুলেছে।

গত ১৯ আগস্ট নিউমার্কেট এলাকায় ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের পর অনিয়মের অভিযোগে একাধিক আবাসিক হোটেল, মোটেল ও গেস্ট হাউজে তালা পড়ে। এতে থমকে দাঁড়ায় ব্যবসার গতি। এরপর দুর্গাপূজার মৌসুমে ধীরে ধীরে হোটেলগুলো চালু হলে ঘুরে দাঁড়াতে থাকে কলকাতা নিউমার্কেটের ব্যবসা। কিন্তু এবার আরও একবার দেখা দিয়েছে দুশ্চিন্তার মেঘ। কারণ, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এর জেরে তৈরি হওয়া উত্তেজনায় ব্যবসায়ীরা পড়েছেন শঙ্কায়।

ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট, কলিন স্ট্রিট এবং তৎসংলগ্ন এলাকা নিয়ে গঠিত নিউমার্কেট। মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল এই অঞ্চলের পর্যটন, পরিবহন ও ব্যবসা-বাণিজ্য। ব্যবসায়ীদের আশঙ্কা, শেখ হাসিনার ফেরা নিয়ে বাংলাদেশে কোনো ধরনের অশান্তি তৈরি হলে কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা আবারও কমে যেতে পারে। ইতিমধ্যে তার কিছু প্রভাব পড়াও শুরু হয়েছে নিউমার্কেটজুড়ে।

নিউমার্কেটের এক হোটেল ব্যবসায়ী জাগোনিউজকে বলেন, ‘এই পর্যটন খাতের ওপর একটার পর একটা দুর্যোগ-অশান্তি নেমে আসছে। কখনো ভিসা বন্ধ হচ্ছে, কখনো অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটছে, হোটেল বন্ধ হচ্ছে। এখন আবার শুনছি শেখ হাসিনা দেশে ফেরত যাবে, তা নিয়ে উত্তাল বাংলাদেশ। আর বাংলাদেশ যখনই উত্তাল হয়েছে, তার প্রভাব কলকাতায় এসে পড়েছে। বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠলে কলকাতায় পর্যটকের আগমন কমে যায়। কারণ, কারও ঘরে আগুন লাগলে সে ঘর ছেড়ে কলকাতা বেড়াতে আসবে না, চিকিৎসাও করাতে আসবে না। ফলে ডিসেম্বরে পরিস্থিতি অশান্ত হলে কলকাতায় আবারও তার প্রভাব পড়বে।’

একই আশঙ্কা শোনা গেল স্থানীয় সম্রাট হোটেলের কর্মকর্তা প্রেম ঘোষের কথায়। তিনি জানান, আগস্টে অগ্নিকাণ্ডের পর নিউমার্কেটে যেসব হোটেল বন্ধ ছিল, তার অধিকাংশই খুলে গেছে। কিন্তু সেই তুলনায় পর্যটক কম। তাঁর মতে, মাত্র ২০ শতাংশ পর্যটক রয়েছে। ৮০০ থেকে ১ হাজার রুপির হোটেলের রুমের রক্ষণাবেক্ষণের খরচ তুলতেও হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ধারদেনায় জর্জরিত। এই অবস্থায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যদি পরিস্থিতি আবারও অশান্ত হয়ে ওঠে, তাহলে আমাদের ব্যবসা আরও সংকটের মুখে পড়বে।’

আতঙ্কিত স্থানীয় ‘সোনার গাঁ’ হোটেলের কর্মকর্তা অমিত ঘোষ ওরফে অপু। তিনি জাগোনিউজকে বলেন, ‘বাংলাদেশ থেকে পর্যটকদের আগমন শুরু হয়েছিল, কিন্তু আবার ধীরে ধীরে কমে যাচ্ছে। আমার মনে হয়, ১৬ ডিসেম্বর নিয়ে সে দেশের মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। সে কারণেই লোকে আসতে ভয় পাচ্ছে।’ তাঁর প্রশ্ন, ‘বাংলাদেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, সবকিছু একটি সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটিকে অস্থির করে কী লাভ?’ অপু বলেন, ‘আমার এই হোটেলে ৩০ শতাংশ বুক করাও কখনো কখনো কঠিন হয়ে দাঁড়ায়। ৫০ শতাংশ পর্যটক থাকলে আমরা ভরসা পাই। কিন্তু সেটা যদি ৩০ শতাংশের নিচে নেমে যায়, তখন সংসার চালানো কঠিন হয়ে দাঁড়ায়।’

চিকিৎসা ও পরিবহন খাতের অবস্থা

শেখ হাসিনা ইস্যুতে উত্তেজনার আঁচ পড়েছে কলকাতার চিকিৎসাসেবা খাতেও। মার্কুইস স্ট্রিটে অবস্থিত ‘রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস’ (আর এন টেগোর) হাসপাতালের অধীনস্থ একটি আউটলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল জানান, গত কয়েক মাস ব্যবসা একটু ভালোর দিকে যাচ্ছিল। কিন্তু আওয়ামী লীগ নেত্রী আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণার মধ্য দিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে তাঁদের ব্যবসায় প্রভাব পড়েছে। তিনি বলেন, ‘আমরা চাই এই ব্যবস্থার একটি স্থায়ী সমাধান। কারণ বারবার এমন ঘটতে থাকলে আমাদের ব্যবসাও ক্ষতির সম্মুখীন হবে।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কোনো ধরনের অশান্তি হলেই তার প্রভাব পড়ে কলকাতায়। এটি একবারে পরীক্ষিত বলে মন্তব্য করেন তিনি। গত অক্টোবর ও নভেম্বর মাসের তুলনা করলে শেষ মাসে রোগীর সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমে গেছে বলেও জানান জাফর ইকবাল।

একই অবস্থা পরিবহন খাতেও। গ্রিনলাইন পরিবহন সংস্থার কর্মকর্তা শ্যামল ঘোষ জাগোনিউজকে বলেন, ‘এই মুহূর্তে আমাদের ব্যবসা কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে যদি বাংলাদেশের পরিস্থিতি আবার উত্তাল হয়, তবে আমরা আগের মতো আবারও কর্মহীন হয়ে পড়ব।’

পর্যটকদের আশঙ্কা

নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া পর্যটকদের মনেও। পরিবারের এক সদস্যকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে যাবেন হাবিবুল্লাহ। রাজশাহী থেকে আসা এই পর্যটক বলেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে যদি বড় ধরনের অশান্তি ঘটে, তবে নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশি পর্যটকরা কলকাতায় না-ও আসতে পারেন। এমনকি নিরাপত্তার খাতিরে আমিও পরিবার নিয়ে বাইরে বের হতে ভয় পাব।’

ব্যবসায়ীদের ক্লান্তি ও আশা

নিউমার্কেটের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে গত দুই বছরই সবচেয়ে বেশি চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। একের পর এক ধাক্কায় যেমন ক্ষতিগ্রস্ত নিউমার্কেটের ব্যবসা ও অর্থনীতি, তেমনি স্থানীয় ব্যবসায়ীরাও ক্লান্ত, বিধ্বস্ত ও উদ্বিগ্ন। তবে এতকিছুর মধ্যেও একরাশ আশা নিয়ে বুক বেঁধেছেন ব্যবসায়ীরা, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাদের আশা, পরিস্থিতি স্বাভাবিক হবে, ঘুরে দাঁড়াবে নিউমার্কেটের ব্যবসা, হাসি ফিরবে তাদের মুখে।

নিউমার্কেটের হোটেল ব্যবসায়ী প্রেম ঘোষ জাগোনিউজকে জানান, ‘এই এলাকার হোটেল, পরিবহন, খাবারের দোকান এবং হাসপাতালগুলো বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। তাই, বাংলাদেশের যাতে কোনো অসুবিধা না হয়, আর ভারতের ওপরেও যাতে কোনো আঘাত না আসে, সেটি নিশ্চিত করা দরকার।’

তথ্যসূত্র: জাগোনিউজ

Source: জাগো নিউজ২৪