সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে দেশটিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে পাকিস্তান। শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্মত প্রতিশ্রুতি এবং প্রতিরক্ষা সহযোগিতার প্রতিষ্ঠিত কাঠামোর আওতায় সৌদি আরবের ভূখণ্ডে মোতায়েন সেনারা তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবেন।
পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানায়, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি ইসলামের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনার পবিত্রতা সুরক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতির প্রতিফলন এই সেনা মোতায়েন। তবে কত সংখ্যক সেনা মোতায়েন করা হচ্ছে এবং তারা কী ধরনের দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ইসহাক দার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি শুধু সংহতি প্রকাশ করেই দায়িত্ব শেষ করা যাবে না। তাদের দুর্ভোগ অবসান এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর, সমন্বিত ও ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে এবং তাদের বৈধ অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংহতি প্রকাশের বাইরে গিয়ে কার্যকর, সমন্বিত ও ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে।
পাকিস্তান বিশ্বের কয়েকটি দেশের মধ্যে অন্যতম, যারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। দেশটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছে। তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল ও আল-জাজিরা।
Source: জাগো নিউজ২৪






