নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা রয়েছে এবং আগামী ১৬ ডিসেম্বরের পর তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার কেডিসি-সংলগ্ন আমিরুল ইসলামের চেম্বারের সামনে এসব জিনিস ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। প্লাস্টিকের সুতা দিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট ঝুলিয়ে রাখা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিষয়টি আমিরুল ইসলামকে জানানো হলে তিনি চেম্বারের সামনে যান। পরে তাঁর সহকর্মী এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। এ ঘটনার পর তাঁর চেম্বার ও বাড়ির সামনে স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের ভিড় দেখা যায়।
আমিরুল ইসলাম বলেন, ‘কারা এ কাজ করেছে তা বুঝতে পারছি না। চিরকুটে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার মা কান্নাকাটি করছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ‘দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Source: জাগো নিউজ২৪






