ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এই পরিস্থিতিতে দ্রুত ভোট আয়োজনের তাগিদ দিয়েছে ইউরোপের আটটি দেশ। শনিবার (২৮ নভেম্বর) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক বিভাগ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সই করেছেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনে গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন জরুরি। পাশাপাশি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ ধরে রাখতেও এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়। দেশগুলো মনে করে, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত অক্টোবরে আইনসভা নির্বাচন পিছিয়ে দেন। ২৮ নভেম্বর ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচনও আয়োজনের সিদ্ধান্ত নেন তিনি। আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। নির্ধারিত সময়ের আগেই ফিলিস্তিনে নির্বাচন অনুষ্ঠিত হোক, এমনটাই চান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল ২০ বছর আগে। এরপর থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ফিলিস্তিনিরা। অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাওয়া তাদের অধিকার বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।
অন্যদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজার বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে গত মাসে জানিয়েছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটি। কমিটির অভিযোগ, গাজায় নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল।
এদিকে, অধিকৃত ফিলিস্তিনি এলাকায় অনেক আগেই নির্বাচন হওয়া দরকার ছিল বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস।
উল্লেখ্য, ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস সর্বশেষ ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৯ সালে তাঁর মেয়াদ শেষ হলেও এরপর থেকে ডিক্রি জারির মাধ্যমে শাসন চালিয়ে আসছেন তিনি। ২০০৬ সালের সর্বশেষ আইনসভা নির্বাচনে জয়ী হয়ে গাজায় সরকার গঠন করে হামাস। তবে মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সঙ্গে বিরোধের জেরে ফিলিস্তিনের রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। সেই বিভক্তি এখনো কাটেনি।
তথ্যসূত্র: আল-জাজিরা
Source: জাগো নিউজ২৪






