নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (এমকেসিএম) নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৯ নভেম্বর) নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার সকাল ১০টায় বিদ্যালয়টিতে নবম শ্রেণির গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের খবর পেয়ে বিদ্যালয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী। পরে তাঁরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেন।
প্রশ্নপত্র ফাঁসের পাশাপাশি প্রশ্নের উত্তরপত্রও তৈরি করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ও উত্তর প্রস্তুত থাকার ঘটনায় বিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা এবং প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় প্রধান শিক্ষিকা রহিমা বেগম ও নবম শ্রেণির গণিত শিক্ষক রহিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষিকা রহিমা বেগমের সঙ্গে বিদ্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, পরীক্ষা স্থগিত করে প্রধান শিক্ষিকার কাছে জবাব চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী শনিবার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে পরীক্ষা শুরুর আগেই বাইরে গেল এবং উত্তরপত্রই বা কারা প্রস্তুত করল, তা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






