হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে সুনির্দিষ্ট সময়সীমা ও কার্যসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নির্ধারিত মান অনুযায়ী সেবা দিতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ভিত্তিতে প্রতিবারের জন্য ৫ হাজার থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করবে বেবিচক।
চুক্তিতে যাত্রীসেবার মান, লাগেজ সরবরাহ, চেক-ইন, আধুনিক প্রযুক্তির সচলতা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের জবাবদিহির বিষয়ে বিস্তারিত শর্ত যুক্ত করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
লাগেজ সরবরাহে সময়সীমা
চুক্তির শর্ত অনুযায়ী, উড়োজাহাজ অবতরণের পর যাত্রীদের লাগেজ সরবরাহে নির্দিষ্ট সময়সীমা মানতে হবে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট।
চেক-ইনে অপেক্ষার সময়
চেক-ইন কাউন্টারে যাত্রীদের অপেক্ষার সময় কমাতেও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার শর্ত রয়েছে।
প্রযুক্তি সচল রাখার শর্ত
এ ছাড়া টার্মিনালের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থার সচলতা নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (বিএইচএস), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (কিউট), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা (কিউএসএস) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (এফআইডিএস) নির্ধারিত মান অনুযায়ী ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে। এসব ব্যবস্থায় ত্রুটির কারণে যাত্রীসেবায় বিঘ্ন ঘটলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আসতে হবে।
নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বেবিচকের হাতে
বেবিচকের চুক্তিতে বলা হয়েছে, থার্ড টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে থাকলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্ব থাকবে বেবিচকের অধীনে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক।
ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।
চুক্তির মেয়াদ ও হস্তান্তর
চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে থার্ড টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা তৃতীয় টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।
আংশিক চালু ১৬ ডিসেম্বর
বেবিচক চেয়ারম্যান জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে কার্যক্রম বাড়িয়ে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ফেব্রুয়ারি।
রাজস্ব ভাগাভাগি
চুক্তি অনুযায়ী, পরিচালনাকারী প্রতিষ্ঠান যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে প্রদান করবে। থার্ড টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশে উন্নীত হবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তি করা হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে টার্মিনালটির। এতে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট, ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানানো হয়েছে।
Source: জাগো নিউজ২৪






