বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালী জেলার ছোটো বিঘাই গ্রামের মাহতাব হোসেন। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪