ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বিভাগ তিনটি নতুন ক্ষুদ্র ড্রোন উন্মোচন করেছে। এর মধ্যে একটি শত্রু ড্রোন প্রতিহত করার জন্য এবং অপর দুটি শত্রুর সামরিক অবস্থান ও ইউনিটে আত্মঘাতী হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছে।
মাশহাদে আইআরজিসির মহাকাশ বিভাগের সামরিক প্রযুক্তি ও অর্জন নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে ড্রোনগুলো প্রদর্শন করা হয়। সেখানে নতুন তিনটি ড্রোনের পাশাপাশি বাহিনীর পুরোনো ও নতুন বিভিন্ন সামরিক সরঞ্জামও তুলে ধরা হয়।
উন্মোচিত ড্রোনগুলোর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
সায়েহ (ছায়া)
এটি একটি ছোট চার পাখাবিশিষ্ট ড্রোন। আকাশ প্রতিরক্ষা ও বিভিন্ন ধরনের শত্রু ড্রোন শনাক্ত করে ধ্বংস করার জন্য এটি তৈরি করা হয়েছে। বিশেষ করে ছোট আকারের ড্রোন প্রতিহত করতে এটি ব্যবহার করা হবে। ড্রোনটি প্রায় যেকোনো জায়গা থেকে উড্ডয়ন করতে পারে। আকাশে টহল দেওয়ার পর লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটিকে ধ্বংস করতে সক্ষম। বড় বিমান থেকেও এটি উৎক্ষেপণ করা যায়। এতে তাপ শনাক্তকরণ ক্যামেরা রয়েছে। ফলে রাতের অন্ধকার ও প্রতিকূল আবহাওয়াতেও এটি কাজ করতে পারে। ড্রোনটির ঘোষিত বৈশিষ্ট্য অনুযায়ী, এর পাল্লা ১০ কিলোমিটার, ওজন ২ কেজি এবং বহনক্ষমতা ১ কেজি। ঘণ্টায় ৪৫০ থেকে ৬০০ কিলোমিটার গতিতে চলতে পারে। এর উড্ডয়ন স্থায়িত্ব প্রায় পাঁচ মিনিট।
কাসেদাক (ড্যান্ডেলিয়ন)
এটি একটি স্বয়ংক্রিয় আত্মঘাতী ড্রোন। ইলেকট্রনিক যুদ্ধ ও যোগাযোগে বাধা সৃষ্টির পরিস্থিতিতেও কাজ করার জন্য এটি তৈরি করা হয়েছে। এতে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা ও লক্ষ্যবস্তু শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। ফলে অপারেটরের সঙ্গে যোগাযোগ বা জিপিএসের মতো উপগ্রহভিত্তিক নেভিগেশন ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে এটি নিজেই লক্ষ্যবস্তুর দিকে এগোতে পারে। বড় ড্রোন বা বিমান থেকেও এটি বহন ও উৎক্ষেপণ সম্ভব। ড্রোনটির ঘোষিত বৈশিষ্ট্য অনুযায়ী, এর পাল্লা ৪০ থেকে ৫০ কিলোমিটার, ওজন ১৩ কেজি এবং বহনক্ষমতা ৩ কেজি। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার এবং উড্ডয়ন স্থায়িত্ব প্রায় ৪৫ মিনিট।
ক্ষুদ্র আত্মঘাতী ড্রোন
আইআরজিসির উন্মোচন করা তৃতীয় ড্রোনটি একটি ক্ষুদ্র আত্মঘাতী ড্রোন। দেখতে যুক্তরাষ্ট্রের তৈরি সুইচব্লেড-৩০০ ড্রোনের মতো। এটি জিপিএস সংকেত না থাকলেও কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন, ছবি বিশ্লেষণ ও লক্ষ্যবস্তু শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও কার্যক্ষমতা ধরে রাখতে পারে। ড্রোনটির ঘোষিত পাল্লা প্রায় ২০ কিলোমিটার, ওজন ২ দশমিক ৮ কেজি এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। এর উড্ডয়ন স্থায়িত্ব প্রায় পাঁচ মিনিট।
বিভিন্ন ধরনের ড্রোন প্রতিহত করা এবং ইলেকট্রনিক যুদ্ধের মধ্যেও পরিচালন সক্ষমতা ধরে রাখার লক্ষ্যে নতুন এসব ড্রোন তৈরি করেছে আইআরজিসি।
তথ্যসূত্র: তাসনিম নিউজ, জাগো নিউজ আন্তর্জাতিকের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






