আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে এই সংলাপের প্রথম দিনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ রাজনৈতিক দলের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশন থেকে কোনো পক্ষের প্রতি পক্ষপাতমূলক বার্তা যাবে না।
রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের শেষে নির্বাচন কমিশনার বলেন, ‘পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। রিটার্নিং কর্মকর্তা তার দায়িত্ব পালন করবেন। কেউ যদি দায়িত্ব পালন না করেন, সেটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। তবে আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটে নির্বাচন কমিশন থেকে কোনো পক্ষের প্রতি পক্ষপাতমূলক বার্তা যাবে না।’
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশন তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রয়োজনে ফলাফল স্থগিত কিংবা নির্বাচন বাতিল করার ক্ষমতাও কমিশনের রয়েছে।
আব্দুর রহমানেল মাছউদ উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনে নতুনভাবে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত হয়েছে। কোনো চেয়ারম্যান প্রার্থী গুরুতর অনিয়মে জড়িত থাকলে কমিশন তার প্রার্থিতা বাতিল করতে পারবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, প্রতিটি অভিযোগের ভিত্তিতেই প্রার্থিতা বাতিল করা সম্ভব নয়। কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা, নির্বাচন বন্ধ করে দেওয়া নয়। তাই বিশেষ পরিস্থিতিতে এবং গ্রহণযোগ্য কারণ থাকলেই এসব ক্ষমতা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়োগ করা হবে।
রাজনৈতিক দলগুলোর পক্ষপাতের আশঙ্কা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে বসে কারও পক্ষে যাব কেন? তিনি হিন্দু, মুসলমান, খ্রিষ্টান না বৌদ্ধ সেটি আমাদের বিবেচ্য নয়। আমরা দেখবো নির্বাচনটি আইন অনুযায়ী হয়েছে কি না। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হব।’
জামানতের পরিমাণ বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন। এ সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে আসেনি। আমরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছি। এর পেছনে আমাদের একটি যুক্তি ও উদ্দেশ্য রয়েছে।’
তিনি ব্যাখ্যা করে বলেন, আগের ব্যবস্থায় রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ ছিল। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ছিল। চেয়ারম্যান পদে প্রার্থী হতে কমপক্ষে ৫০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর লাগতো। এর উদ্দেশ্য ছিল প্রার্থীর সংখ্যা সীমিত রাখা।
নির্বাচনি ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের বিষয়েও কথা বলেছেন। চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর জন্য দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা নিজেরাও বুঝি, বাস্তবতার সঙ্গে অনেক সময় এসব ব্যয়ের হিসাবের মিল থাকে না। সে বিবেচনায় জামানতের পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। চেয়ারম্যান পদে জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য পদে পাঁচ হাজার টাকা করা হয়েছে।’
আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, ‘আমরা চেয়েছি, উপযুক্ত ব্যক্তিরা প্রার্থী হোন। যারা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে যথেষ্ট প্রস্তুত, তারাই যেন প্রার্থী হন। একেবারে বেশি নয়, আবার খুব কমও নয়, আমরা একটি মধ্যপন্থা অবলম্বন করেছি।’
নির্বাচন কমিশনের ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আইন করে নির্বাচন কমিশনকে আরও ক্ষমতাবান করার চেষ্টা করেছি। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে নির্বাচন কমিশন তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আগাম পরামর্শ করার প্রয়োজন হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগকে নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে জানাতে হবে, অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা না নিলে কমিশনের আরও পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে।’
Source: জাগো নিউজ২৪






