পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নিমতা থানার বড়ফিঙ্গা এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বড়ফিঙ্গা এলাকায় একটি বাড়ি ভাড়া করে তিন বাংলাদেশি নাগরিক বসবাস করছেন—এমন তথ্য পায় পুলিশ। এরপর ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের নাম লিয়াকত আলি মোল্লা (৬০), নার্গিস বিবি (৫০) এবং হুমায়ূন কবীর মোল্লা। তাঁরা সম্পর্কে স্বামী, স্ত্রী ও ছেলে বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার নচুনিয়া গ্রামে বলে দাবি করা হচ্ছে।
অভিযুক্তদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র পাওয়া গেছে বলেও পুলিশের দাবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, প্রায় ২০ বছর আগে তাঁরা ভারতে প্রবেশ করেন। এরপর বড়ফিঙ্গায় বাড়ি ভাড়া করে বসবাস শুরু করেন।
পুলিশের দাবি, ভারতে থাকার জন্য তাঁদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না। কীভাবে তাঁরা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করলেন এবং এত বছর কীভাবে বসবাস করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল
Source: জাগো নিউজ২৪






