দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের দ্রুত সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৩টা ২৫ মিনিটে চিরিরবন্দর উপজেলার নশরতপুরে অবস্থিত ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্বৃত্তরা ব্যাংকের সামনে পরপর তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের বারান্দায় আগুন ধরে যায়। ওই সময় বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। পুলিশ ওই চেয়ারগুলো আলামত হিসেবে জব্দ করেছে।
মো. জাহাঙ্গীর আলম আরও জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে গ্রামীণ ব্যাংকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার, চিরিরবন্দর এরিয়া ম্যানেজার মো. জিল্লুর রহমান, চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা পরিদর্শন করেন। শাখা ব্যবস্থাপক জানান, তাঁদের নির্দেশনানুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় নিরাপত্তাকর্মী মো. আব্দুল হাকিম জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ব্যাংকের সামনে আসেন। তাঁদের একজন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি পেট্রোলবোমায় আগুন লাগিয়ে ব্যাংকের ভেতরে নিক্ষেপ করেন। ঘটনার পর দ্রুত মোটরসাইকেল নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যান। নিরাপত্তাকর্মী বলেন, তাঁদের মাথায় হেলমেট থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ১৮ নভেম্বর পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের ভবেরবাজার শাখা কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল। এছাড়া সদর উপজেলার শেখপুরা শাখায়ও পেট্রোলবোমা ছুড়ে হামলা চালানো হয়।
Source: জাগো নিউজ২৪






