গত বছর সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল-আহমেদ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সাহসিকতা পদক ‘ক্রস অব ভ্যালর’ পেয়েছেন। রোববার (২৯ নভেম্বর) দেশটির গভর্নর জেনারেল স্যাম মোস্টিন এই পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেন।

গভর্নর জেনারেল বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন আহমেদ। তার এই বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদক দেওয়া হয়েছে।

গত বছরের ১৪ ডিসেম্বর বন্ডি বিচে ইহুদিদের একটি ধর্মীয় উৎসব চলাকালে দুই বন্দুকধারী হামলা চালায়। ওই হামলায় ১৫ জন নিহত হন এবং আরও কয়েক ডজন আহত হন।

হামলার সময় গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন আহমেদ। একপর্যায়ে পেছন থেকে এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে রাইফেল কেড়ে নেন তিনি। এরপর ওই বন্দুকধারীকে মাটিতে ফেলে অস্ত্রটি নিজের নিয়ন্ত্রণে নেন। এ সময় নিজেও একাধিক গুলির আঘাত পান তিনি। তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার এই পদক্ষেপে বেশ কয়েকজনের প্রাণ রক্ষা পায়।

পুরস্কারের বিবরণীতে বলা হয়েছে, নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও বন্দুকধারীকে থামাতে এগিয়ে গিয়েছিলেন আহমেদ। তার এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে ‘ক্রস অব ভ্যালর’ পদক।

বেসামরিক নাগরিকের সাহসিকতার জন্য দেওয়া এ পদক এ পর্যন্ত ছয়বার দেওয়া হয়েছে।

এদিকে, বন্ডি বিচে হামলার ঘটনায় সাহসিকতার স্বীকৃতি হিসেবে মোট চারজনকে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্যে হামলায় নিহত তিনজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। বরিস ও সোফিয়া গুরমান পেয়েছেন ‘স্টার অব কারেজ’ পদক। অন্যদিকে, রুভিয়েন মরিসনকে দেওয়া হয়েছে ‘ব্রেভারি মেডেল’। হামলার সময় সাহসিকতার পরিচয় দেওয়ায় তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

হামলার পর অস্ট্রেলিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে দেশজুড়ে অস্ত্র ফেরত কেনার কর্মসূচি, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার আগে কঠোর যাচাই এবং বিদ্বেষমূলক অপরাধ দমনে ব্যবস্থা জোরদার করা।

তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল, আল-জাজিরা

Source: জাগো নিউজ২৪