ডোনাল্ড ট্রাম্পের সমালোচকরা বছরের পর বছর ধরে তাঁর রাজনৈতিক পতনের ভবিষ্যদ্বাণী করে এলেও ২০২৪ সালের নির্বাচনে তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সব অনুমান ভুল প্রমাণ করেন। তবে গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেয়ে ট্রাম্পকে প্রবল ধাক্কা দিয়েছে। এর অর্থ এই নয় যে ‘ট্রাম্পবাদ’ এখনই শেষ হয়ে গেছে, কিন্তু তাঁর রাজনৈতিক অধ্যায়ের শেষ পর্ব যে শুরু হয়েছে, তা স্পষ্ট হয়ে গেছে।
ভোটাররা প্রতিশ্রুতি ভঙ্গ পছন্দ করেননি বলে বিশ্লেষণ করছে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন। ট্রাম্প যুদ্ধ বন্ধ এবং দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিলেও উল্টো তিনি নতুন যুদ্ধে জড়িয়েছেন এবং জিনিসপত্রের দাম বাড়িয়েছেন। তাঁর পছন্দের বিতর্কিত প্রার্থীদেরও প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে ২০২৭ সালে চারদিক থেকে চাপে থাকা ট্রাম্প অনেকটা ক্ষুব্ধ পাখির মতো আচরণ করবেন বলে ধারণা করা হচ্ছে। গত ৬ নভেম্বর কট্টর জাতীয়তাবাদী স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা সেই যুদ্ধংদেহী মনোভাবেরই ইঙ্গিত দেয়।
কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ
আইন ও পররাষ্ট্রনীতির অস্থিরতা—কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ থাকায় আইন পাস করা ট্রাম্পের জন্য কঠিন হবে। তবে তিনি বরাবরের মতোই নির্বাহী আদেশের মাধ্যমে নিজের এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটবেন। দুই বছরেরও কম সময়ে তিনি বারাক ওবামার আট বছরের চেয়ে বেশি নির্বাহী আদেশ জারি করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এখনো ট্রাম্পের অবাধ স্বাধীনতা রয়েছে। বিশেষ করে, ইউক্রেন ও ইরান ইস্যুতে তিনি বড় কোনো চুক্তি বা পদক্ষেপ নিয়ে নিজের ছাপ রাখতে চাইবেন। ট্রাম্পের ক্ষমতা কমে আসায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষরা আরও সাহসী হয়ে উঠতে পারে, যা বড় ধরনের সংকট তৈরি করতে পারে।
ঘরোয়া রাজনীতিতে সংঘাত
কংগ্রেসে তদন্ত ও বাজেট নিয়ে সংঘাত—এতদিন নিষ্ক্রিয় থাকা কংগ্রেস এবার প্রাণ ফিরে পাবে। ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে খরচ কমানোর বিল পাস করবে। ট্রাম্প এসব বিলে ভেটো দিলে বাজেট নিয়ে তীব্র সংঘাত ও সরকারি অচলাবস্থা বা শাটডাউন তৈরি হতে পারে।
এ ছাড়া প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ট্রাম্প পরিবারের ব্যবসায়িক স্বার্থ এবং দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথি সামলানোর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবে। ট্রাম্পকে অভিশংসন করার মতো যথেষ্ট ভোট না থাকলেও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বিপদে পড়বেন। বিশেষ করে, ৩৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব সামলাতে ব্যর্থ হওয়া স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বাঁচাতে ট্রাম্প খুব একটা এগিয়ে আসবেন না।
রিপাবলিকান শিবিরে ফাটল
এই লড়াইয়ের মধ্যে পুরোনো মিত্রদের সমর্থনও হারাতে পারেন ট্রাম্প। অনেক রিপাবলিকান নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের মতো বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মেলাবেন। এমনকি ট্রাম্পের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর তদন্তেও কিছু রিপাবলিকান সমর্থন দিতে পারেন।
অন্যদিকে, ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা আন্দোলনের ভেতরেও তীব্র বিভক্তি দেখা দিয়েছে। মাগার কট্টরপন্থিদের দাবি, মাগা ব্যর্থ হয়নি, বরং ট্রাম্পই মাগাকে ব্যর্থ করেছেন। ইসরায়েলের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়া, ইরানের সঙ্গে যুদ্ধ এবং মূল্যস্ফীতি বাড়ানোর জন্য তারা ট্রাম্পকে দায়ী করছেন। তাদের মতে, অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করতে হবে এবং দ্রুত ইরান যুদ্ধ বন্ধ করতে হবে।
উত্তরাধিকারের লড়াই
আগামী দিনের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ফ্লোরিডার বিদায়ী গভর্নর রন ডিস্যান্টিস নিজেদের মাগার প্রকৃত উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। মধ্যবর্তী নির্বাচনের পরপরই ভ্যান্স পরোক্ষভাবে ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। সংবিধান অনুযায়ী ট্রাম্প তাঁর ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করতে না পারলেও সংবাদ সম্মেলনে প্রকাশ্যে তাঁকে অপদস্থ করার সুযোগ হাতছাড়া করবেন না।
ট্রাম্পের বিদায়ের ঘণ্টা বাজলেও তিনি যে নীরবে সরে যাবেন না, তা নিশ্চিত।
তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট; জাগো নিউজ ইন্টারন্যাশনাল
Source: জাগো নিউজ২৪






