লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ১৩ জনকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বাসার গেটে তালা লাগানোর পাশাপাশি মার্কেটের দোকানগুলোতেও তালা দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নতুন মহিলা কলেজ এলাকার একটি ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। পরে মার্কেটের সামনে ফেলে রাখা বালুর বস্তাও সরিয়ে নেওয়া হয়।

অবরুদ্ধ ব্যক্তিদের মধ্যে ছিলেন ৯ নারী, তিন শিশু ও একজন বৃদ্ধ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম আবির সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বাঞ্চানগর এলাকার জামাল হোসেন, তারেক হোসেন, রুবেল হোসেন, তোফায়েল আহমেদ ও মো. মোহনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৪৮ শতাংশ জমিতে ভবন নির্মাণ করে সেখানে বসবাস করে আসছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভবনটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ নভেম্বর) দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে এসে রহিমা বেগমের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে রাতে মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে বাসার গেটে ও দোকানগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়। তালা ভাঙলে বা আইনগত ব্যবস্থা নিলে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অবরুদ্ধ রহিমা বেগম, মুন্নীসহ কয়েকজন জানান, জামাল, তারেক, রুবেল ও তোফায়েলসহ ১৫ থেকে ২০ জন এসে বাসার গেট ও দোকানগুলোতে তালা লাগিয়ে দেন। পরে গেট ও মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

তবে অভিযুক্তদের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার বাবা মালিকানাধীন সম্পত্তি রহিমা বেগমরা দখল করে রেখেছেন। তাদের কাছে কোনো কাগজপত্র নেই। চাঁদা দাবির অভিযোগ মিথ্যা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ডেকে তালা খুলে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪