রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় অজ্ঞাত ব্যক্তিরা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, শনিবার (২৮ নভেম্বর) শেষ রাতের কোনো এক সময় ইউনিয়ন পরিষদ দুটির বারান্দায় এই আগুন দেওয়া হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় এমন ঘটনা ঘটায় স্থানীয়রা বলছেন, এটি নাশকতাকারীদের পূর্বপরিকল্পিত অংশ হতে পারে।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।

সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তিনি বলেন, বেশ কিছুদিন পাংশার বাইরে থাকায় ইউনিয়ন পরিষদে যাওয়া হয় না। তবে আগুনে বেশি ক্ষতি হয়নি বলে তিনি জানতে পেরেছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪