মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ৯ তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি শরীয়তপুরের বিভিন্ন এলাকায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ভোরে মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরীর ব্যানার নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়।

আটকের পর বিক্ষুব্ধ ব্যক্তিরা পদ্মা সেতুর দক্ষিণপাশে অবস্থিত বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে আগুন দেয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। আগুনের কারণে পাশের একটি রেস্তোরাঁর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, লকডাউন বাস্তবায়নের নামে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটে সকাল থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় যাতায়াতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অপরদিকে, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করতে দেখা গেছে। তারা লকডাউনের নামে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘লকডাউনের নামে নিষিদ্ধ আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করছে তাতে প্রমাণ করে আওয়ামী লীগ সন্ত্রাসী দল। তাদের এই আন্দোলন দেশের মানুষ মেনে নেবে না। সকাল থেকে রাজপথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক মাঠে থাকবে বিএনপি।’

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে।’

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪