বঙ্গোপসাগরে গত এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হানার পর এবার সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে চতুর্থ ঘূর্ণিঝড় ‘কানি’র। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। এই নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ। নামটি উপকূলীয় অঞ্চলে পাওয়া এক বিশেষ ধরনের গাছের নামের সঙ্গে যুক্ত বলে আইএমডি জানিয়েছে।
আইএমডির তথ্যমতে, আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগরে আবহাওয়ার পরিস্থিতি আরও উত্তাল হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়টি শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এটি গতিপথ পরিবর্তন করলে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে উড়িষ্যা সরকার। রাজ্যের রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, গত ১০ বছরে ১৩টি ঘূর্ণিঝড়ে রাজ্যটির প্রায় ১৫ হাজার ৪৫৭ কোটি রুপির ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন, তিতলি, ফণী, বুলবুল, আম্ফান, ইয়াস ও দানার পর চলতি বছর আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, মুরাসু এবং আকভান। এসব ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় জেলাগুলো।
রাজস্বমন্ত্রী আরও জানান, এসব দুর্যোগে ১৫৬ জন মানুষ এবং ৫৫ লাখ ৬৩ হাজার গবাদিপশু ও পাখির মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮ লাখ ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার ৮৮০টি আশ্রয়কেন্দ্র, সতর্কবার্তা অ্যাপ ও অ্যালার্ট সিস্টেম তৈরি করেছে। পাশাপাশি দুর্যোগে মৃত ব্যক্তিদের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ চার লাখ রুপি থেকে বাড়িয়ে আট লাখ রুপি করা হয়েছে।
তবে ত্রাণ হিসেবে প্রয়োজনীয় সহায়তার তুলনায় কেন্দ্রের কাছ থেকে মাত্র ৩০ শতাংশ সহায়তা পাওয়া গেছে বলে মন্ত্রী সুরেশ পূজারি জানান।
সূত্র: জাগো নিউজ আন্তর্জাতিক
Source: জাগো নিউজ২৪






