বগুড়ার আদমদীঘিতে পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে ঝগড়ার জেরে নাজমুল নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চার আসামিকেই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাওয়া আসামির নাম আনোয়ার হোসেন খন্দকার। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার নিমাইদিঘী এলাকার মৃত নাছির উদ্দিন খন্দকারের ছেলে। অপর তিন আসামির মধ্যে আঞ্জুয়ারা ও আরিফুল ইসলাম আরিফকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং আইরিন আক্তারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া চার আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার টাকা না দিলে প্রত্যেককে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তাদের সবার বাড়ি আদমদীঘির নিমাইদিঘী গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) মো. আজাদ হোসেন তালুকদার রায়ের এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে নিমাইদিঘী গ্রামে বাদী শামসুর রহমানের স্ত্রী পাশের বাগানে পাতা ঝাড়ু দিতে যান। এ সময় আসামি আঞ্জুয়ারার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আসামি আনোয়ার হোসেনের হুকুমে আঞ্জুয়ারা বাদীর ছেলে ভুক্তভোগী নাজমুলের তলপেটে লাথি মারেন। নাজমুল মাটিতে পড়ে গেলে আনোয়ার হোসেন দুই হাত দিয়ে তাঁর গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন।

এ ঘটনায় থানায় মামলা হলে তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে চার দিন ধরে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আজ রোববার রায় ঘোষণা করা হয়।

আদালত রায়ে বলেছেন, দণ্ডিত আসামিদের আগে কোনো হাজতবাসের সময় থাকলে তা সাজার মেয়াদ থেকে বাদ যাবে। সাজা পরোয়ানা মূলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আপিলের সময় শেষ হওয়া বা আপিল আদালতের আদেশ সাপেক্ষে আদায়কৃত জরিমানার অর্থ থেকে ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি এক লাখ ৯০ হাজার টাকা নিহত নাজমুলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক।

রায় নিয়ে প্রতিক্রিয়ায় অতিরিক্ত পিপি মো. আজাদ হোসেন তালুকদার বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ন্যায়বিচার করেছেন। আসামিদের দণ্ড দেওয়ার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে তাঁরা মনে করেন।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪