ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ হারুন অর রশিদ (৬০) নামের ওই কয়েদি।

পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাগো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কারারক্ষী ইমন জানান, কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন হারুন অর রশিদ। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হারুন অর রশিদ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন বলে কারারক্ষী ইমন জানান। তাঁর কয়েদি নম্বর ৩৭৩৯/এ।

মৃত হারুন অর রশিদ রাজবাড়ী জেলা সদরের রসুলপুর এলাকার প্রয়াত হোসেন ভূঁইয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Source: জাগো নিউজ২৪