গুলিবিদ্ধ ও অসুস্থ একটি বন্য হাতি খাবার ও চিকিৎসার সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসেছিল। কিন্তু হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর পরিবর্তে বন বিভাগের উপস্থিতিতে ইআরটি সদস্য ও উৎসুক জনতা পাথর ছুড়ে আঘাত করেন এবং তার লেজেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। কক্সবাজারের টেকনাফে শীলখালী রেঞ্জের আওতাধীন এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জড়িতদের আটকের দাবি জানিয়েছেন।

জানা গেছে, গতকাল শনিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া শীলখালী রেঞ্জের আওতাধীন হলবনিয়া গ্রামের একটি বসতঘরে অসুস্থ ও গুলিবিদ্ধ বন্য হাতিটি ঢুকে পড়ে। এ সময় উৎসুক জনতা চারপাশ থেকে হাতিটিকে ঘিরে ফেলে। একপর্যায়ে ইআরটি সদস্যরা লাঠি ও আগুন হাতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে হাতিটিকে বসতঘরের উঠান থেকে বের করার চেষ্টা করেন। পরে হাতিটি তিন পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের দিকে যেতে শুরু করে।

বনের কাছাকাছি পৌঁছালে কয়েকজন ব্যক্তি চিৎকার করে হাতিটিকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন। এ সময় ইআরটির এক সদস্য হাতিটির লেজে আগুন ধরিয়ে দেন বলেও অভিযোগ উঠেছে। পুরো ঘটনার সময় বন বিভাগের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে হাতিটি কোনো রকমে বনের কাছাকাছি গিয়ে অবস্থান নেয়।

স্থানীয়দের ভাষ্য, হাতিটিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, সে শারীরিকভাবে খুবই দুর্বল ও ক্ষুধার্ত। ঠিকমতো খাবার খেতে না পারায় হাতিটি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তার একটি পাসহ শরীরের বিভিন্ন স্থানে মোট ৮টি গুলির চিহ্ন রয়েছে। এর আগে হাতিটিকে চিকিৎসা দেওয়া হলেও সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। ফলে আহত অবস্থায় চলাফেরা করতেও তার বেশ কষ্ট হচ্ছিল।

স্থানীয় পরিবেশকর্মী মো. ইদ্রিস আলী খান বলেন, শীলখালী রেঞ্জের আওতাধীন হলবনিয়া গ্রামে গুলিবিদ্ধ ও অসুস্থ হাতিটির বন থেকে লোকালয়ে আসাকে কেন্দ্র করে হাতিটির ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। হাতিটি যথাযথ চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে পড়েছে। একইসঙ্গে এটি ক্ষুধার্ত এবং বনে পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারছে না। তিন পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এমন একটি অসুস্থ হাতির ওপর এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়। যারা হাতিটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে এবং এর লেজে আগুন দিয়েছে, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয় আরেক বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, হাতিটি চিকিৎসা কিংবা খাদ্যের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসেছে বলে মনে হয়েছে। কারণ, হাতিটির শারীরিক গঠন অনুযায়ী এটি বেশ দুর্বল ও শীর্ণকায় হয়ে পড়েছে। বন্য হাতি হলেও এটি কাউকে আক্রমণ করেনি। অসুস্থতার পাশাপাশি একটি পায়ে আঘাত থাকায় পা ঠিকমতো মাটিতে রাখতে পারছে না। এত বড় একটি হাতি তিন পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাচল করছে। এমন অসুস্থ ও অসহায় একটি হাতির ওপর এভাবে হামলা কোনোভাবেই ঠিক হয়নি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, হাতিটির ওপর হামলার ঘটনাটি আমরা দেখেছি। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হবে। বর্তমানে হাতিটিকে নিরাপদে রাখা হয়েছে। এটি খুবই দুর্বল হয়ে পড়েছে। গত রাতেও হাতিটিকে খাবার দেওয়া হয়েছে। খাবার খাওয়ার পর কিছুটা শক্তি ফিরে পেয়েছে। আজ সকাল থেকেও তাকে খাবার দেওয়া হচ্ছে। এ সময় মেডিকেল টিমও উপস্থিত ছিল।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। উচ্চপর্যায়ে একটি কমিটি গঠন করে পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়ে পরামর্শ নেওয়া হবে। হাতিটিকে কলা, পেঁপে ও মিষ্টিকুমড়াসহ বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ বন্যপ্রাণীর ওপর এ ধরনের হামলা করার সাহস না পায়।

এর আগে গত ১৫ ও ১৬ নভেম্বর টেকনাফের বাহারছড়া শীলখালী রেঞ্জের আওতাধীন গর্জন বাগান এলাকায় দুটি হাতি লোকালয়ে চলে আসে। এর মধ্যে একটি হাতি পায়ে আঘাত নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। পরে বন বিভাগের সদস্যরা অসুস্থ ও গুলিবিদ্ধ হাতিটিকে চিকিৎসা দেন। তবে চিকিৎসা দেওয়ার পরও হাতিটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪