ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে এ অবরোধ শুরু হয়। বর্তমানে সড়কের ওই অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, রাজৈর উপজেলার টেকেরহাটের ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোর ৪টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরদূরান্তের যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, ভোর থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ভোরে অবরোধের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ - বাংলাদেশ

Source: জাগো নিউজ২৪