রোববার (২৯ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাগামী একটি ফ্লাইট উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বাতিল করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিএস-৩৬১ নম্বর ফ্লাইটটির জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বিকেল ৪টা ১০ মিনিটে। তবে উড্ডয়নের আগে ককপিটে ‘ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ’-এর কারণে যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড ফ্লাইটটির উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে ধোঁয়া দেখা গেলেও ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ে ও উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল বলে তারা জানিয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম-পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

বর্তমানে সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তাদের জেদ্দায় পৌঁছে দিতে কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্য একটি উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য বা সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: জাগো নিউজ জাতীয়

Source: জাগো নিউজ২৪