ঢাকার সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে শনিবার (২৯ নভেম্বর) রাতে ও দিবাগত রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসব ঘটনায় কেউ হতাহত হননি।

আশুলিয়ায় বাসে আগুন

শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজের সামনে মেরামতের জন্য রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান বলেন, “বাসটিতে এর আগেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। মেরামতের জন্য বাসটি বেলতলা এলাকার একটি গ্যারেজের সামনে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।”

পুলিশ ছাউনিতে পেট্রোল বোমা

এদিকে রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থাকা একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে বোমাটিতে আগুন ধরেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।”

সাভারে শ্যামলী পরিবহনের বাসে আগুন

অন্যদিকে রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে সাভারের বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কসংলগ্ন একটি গ্যারেজের সামনে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “আগুনে বাসটির প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। এটি নাশকতামূলক ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা। তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪