খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৯ নভেম্বর) লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে উপজেলার লক্ষ্মীছড়ি বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।
এতে স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার মোট ৭৩ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় আয়োজিত এই কার্যক্রমে জোনের মেডিকেল অফিসার (আরএমও) রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
স্থানীয়দের মতে, দুর্গম যোগাযোগব্যবস্থা, চিকিৎসাকেন্দ্রের সীমাবদ্ধতা এবং আর্থিক অসচ্ছলতার কারণে লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকার অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে ভোগান্তিতে পড়েন। এমন বাস্তবতায় সেনাবাহিনীর এই উদ্যোগ অসহায় মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।
লক্ষীছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Source: জাগো নিউজ২৪






