গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ২২ দিনে সারাদেশে মোট ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে এই সময়ে। পাশাপাশি ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫২টি মামলা দায়ের করেছে এবং ৮০ জনকে গ্রেফতার করেছে। রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর মতো কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন এবং যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪