প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গ্রামের কোটি কোটি মানুষ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, সেজন্য আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন ধরে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে মতবিনিময় করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হয়। সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, ‘আমরা এই খবর অনেক পত্রপত্রিকায় দেখেছি। আমরা সুন্দর ইউপি ভোট করতে চাই। এটা রাজনৈতিক দলভিত্তিক নির্বাচন নয়। সত্যিকারে নির্বাচন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সহযোগিতা নিয়ে ত্রয়োদশ নির্বাচন করেছি, যা বৈশ্বিকভাবে স্বীকৃতি পেয়েছে। দেশি-বিদেশি সকলে এই নির্বাচনকে ভালো বলেছে।’

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করতে চায় নির্বাচন কমিশন। এ নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে বলে জানান তিনি।

আগামী সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ ১৯টি রাজনৈতিক দল এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

Source: জাগো নিউজ২৪