যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূল শনিবার (২৮ নভেম্বর) সকালে ৫ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে। এই ভূমিকম্পের সময় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। প্রবল কম্পন অনুভূত হওয়ায় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) প্লেনটিকে অবতরণ বাতিল করে ফিরে যাওয়ার জরুরি নির্দেশনা দেয়।

এ ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে সেই উত্তেজনাকর মুহূর্তটি ধরা পড়েছে। তীব্র ঝাঁকুনি অনুভব করার পর কন্ট্রোলার ডেল্টা ফ্লাইট ১৯৭২-কে বারবার ফিরে যাওয়ার নির্দেশ দেন। অডিওতে কন্ট্রোলারকে বলতে শোনা যায়, ‘ডেল্টা ১৯৭২, ফিরে যাও। ডেল্টা ১৯৭২, ফিরে যাও। এখানে বড় ভূমিকম্প হচ্ছে।’ নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই পাইলট অবতরণের সিদ্ধান্ত বাতিল করেন এবং বিমানটিকে আবারও আকাশে উড়িয়ে নিয়ে যান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) প্রথম কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচ উপকূল থেকে প্রায় ছয় মাইল দূরে।

ভূমিকম্পের তীব্রতায় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের একটি টার্মিনালের কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। বিমানবন্দরের ভিডিও ফুটেজে পুরো স্থাপনাটি কেঁপে ওঠার দৃশ্য দেখা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে সামগ্রিক ফ্লাইট পরিচালনায় বড় কোনো বিঘ্ন ঘটেনি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল

Source: জাগো নিউজ২৪