সরকার ১৬ জন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে অবসরের কারণ হিসেবে সরকারি স্বার্থের কথা উল্লেখ করা হলেও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগের সংশ্লিষ্টতা এবং দলটির আস্থাভাজন কর্মকর্তা হিসেবে তাদের চাকরি থেকে বিদায় করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানোদের মধ্যে রয়েছেন—ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম ও গৌতম চন্দ্র পাল। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহির রায়হান, হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকী, নুরুন আখতার ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বাধ্যতামূলক অবসরের তালিকায় যুগ্ম সচিবরাও রয়েছেন। ওএসডি যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করছে। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলেই তাদের সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






