মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার চূড়ান্ত ঘোষণা সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। এদিন সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এ ঘোষণা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।

পদত্যাগে প্রধানমন্ত্রীর নির্দেশনার খবর রাতভর অস্বীকার করে আসছিল তার দপ্তর, তবে সকালে প্রতিমন্ত্রী নিজেই সিদ্ধান্তের কথা জানালেন। পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছিল।

রোববার বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে মন্ত্রিসভা ছাড়তে বলা হয়েছে; কিন্তু ইশরাক ও তার দপ্তর একে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে নাকচ করে। তার পোস্টের আগে সরকারও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

পোস্টে ইশরাক লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ‘সুশীল মানুষ’কে তিনি উল্লাস প্রকাশ করে লিখতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিদেশ থেকে ফিরে তাতে যোগ দেবেন, এমন আশার কথাও জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে ইশরাক লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে তিনি মাদকের বিরুদ্ধে কাজ করবেন, পরিচ্ছন্নতা কর্মসূচিও জোরদার করবেন। প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি। পোস্টের শেষে মন্ত্রিত্ব নয়, মাদক নির্মূলকেই লক্ষ্য ঘোষণা করে স্লোগান দেন তিনি।