ফেসবুক পোস্টে পদ ছাড়ার ঘোষণার কথা জানানোর পর গণমাধ্যমে পাঠানো অডিও বার্তাতেও একই সিদ্ধান্তের কথা জানালেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে পাঠানো ওই বার্তায় তিনি জানান, জাতীয় প্রেস ক্লাবে দুপুর ২টার সংবাদ সম্মেলন থেকে পদত্যাগের বিষয়টি চূড়ান্তভাবে ঘোষণা করবেন এবং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন।
অডিও বার্তায় ইশরাক বলেন, প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন, ‘যেটি প্রধানমন্ত্রী কনভেই করেছেন’। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পাশাপাশি সেখানে আরও কিছু বিষয়ে কথা হবে বলে জানান তিনি।
এর আগে সোমবার সকালেই নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছিলেন, দুপুর ২টায় প্রেস ক্লাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
রোববার (১৮ অক্টোবর) ইশরাককে মন্ত্রিসভা থেকে সরে যেতে বলা হয়েছে বলে নানা গণমাধ্যমে খবর এলেও তখন তিনি নিজে এবং তার দপ্তর খবরটিকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে নাকচ করে দেয়। সোমবার সকালের ফেসবুক পোস্টের আগে পর্যন্ত সরকারের দিক থেকেও পদত্যাগের নির্দেশ নিয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা মেলেনি। পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে তার অংশ নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ইশরাককে ঘিরে সমালোচনা চলছিল।
ফেসবুক পোস্টে ইশরাক আরও জানান, এখন থেকে সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির কর্মী হিসেবেই তিনি মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনায় কাজ করবেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করবেন। প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে জেলায় জেলায় সফর করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক মাধ্যমে কিছু মানুষকে, যাদের তিনি সুশীল বলে উল্লেখ করেছেন, উল্লাস করতে দেখেছেন বলেও পোস্টে লেখেন ইশরাক। ভবিষ্যতে প্রয়োজন পড়লে তারা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিদেশ থেকে এসে আন্দোলনে শামিল হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।






