কানাডাপ্রবাসী বাংলাদেশি শেফ ও উদ্যোক্তা মেহরাব মুসা রান্নার আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান কলোসাল এটি আয়োজন করছে; অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও কানাডার পেশাদার শেফ, ঘরোয়া রাঁধুনি এবং রান্নার কনটেন্ট নির্মাতারা। আয়োজনের অর্থ যাবে জেমস বিয়ার্ড ফাউন্ডেশনের কাজে।

চ্যাম্পিয়ন পাবেন ২৫ হাজার মার্কিন ডলার, সঙ্গে ‘টেস্ট অব হোম’ সাময়িকীতে জায়গা এবং খ্যাতিমান শেফ কার্লা হলের সঙ্গে রান্নার সুযোগ।

টরন্টোর ‘চিটাগং কিচেন’ প্রতিষ্ঠা করেছেন মেহরাব, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) তিনি; বিয়ে, করপোরেট ও ব্যক্তিগত আয়োজনে এটি বাংলাদেশি খাবারের ক্যাটারিং করে। বাংলাদেশি সংস্কৃতি ও খাবারকেন্দ্রিক অনুষ্ঠান আয়োজনকারী ‘সিকে ইভেন্টস’-ও তার হাতে গড়া। এ ছাড়া উত্তর আমেরিকার ক্রেতাদের জন্য বাংলাদেশি মসলার একটি প্রিমিয়াম ব্র্যান্ড নিয়ে কাজ করছেন তিনি।

সম্প্রতি ইয়র্ক রিজিয়ন কৃষি-খাদ্য স্টার্টআপ কর্মসূচিতেও নির্বাচিত হয়েছেন মেহরাব। ইয়র্ক রিজিয়নের নেতৃত্বাধীন এ কর্মসূচিতে কানাডা ও অন্টারিও সরকার, ইয়র্ক লিংক এবং ফুডপ্রেনার ল্যাব সহযোগী; সম্ভাবনাময় খাদ্য উদ্যোক্তাদের ব্যবসা বড় করতে সাহায্য করাই এর উদ্দেশ্য।

মেহরাব মুসা বলেন, এই অর্জন তার জন্য গর্বের এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিত্বের সুযোগ। দেশের খাবার, সংস্কৃতি ও উদ্যোক্তাদের গল্প বিশ্বকে জানানোর ‘এখনই সঠিক সময়’ বলে মনে করেন তিনি।

প্রতিটি গ্রুপের প্রথম স্থান অধিকারী সেমিফাইনালে যাবেন, তাই সামনে এগোতে মেহরাবের জন্য সাধারণ মানুষের ভোট গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।