কানাডার টরন্টোতে দিনব্যাপী গেট-টুগেদার ও পিকনিকে মিলিত হয়েছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা। ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যালামনাই গেট-টুগেদার, পিকনিক ইন নর্থ আমেরিকা’ শিরোনামের আয়োজনটি হয় গত ২৬ সেপ্টেম্বর, অন্টারিওর টরন্টো আইল্যান্ডসের লেগুন পিকনিক শেল্টারে।

সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব জোরদার এবং পুরোনো স্মৃতি ফিরিয়ে আনাই ছিল আয়োজনের লক্ষ্য। পরিবার নিয়ে আসা অ্যালামনাইরা নানা আনন্দ আয়োজনে দিনটি কাটান, পুরো সময় ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ক ও স্মৃতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং উত্তর আমেরিকাসহ বিভিন্ন দেশে এমন অ্যালামনাই কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা জানান। সময় ও দূরত্ব পেরিয়ে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বন্ধন মজবুত রাখাই এ ধরনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য, আর এ আয়োজন উত্তর আমেরিকায় থাকা অ্যালামনাইদের সম্প্রীতি আরও দৃঢ় করেছে।