রয়াল সোসাইটি অব কানাডার ‘কলেজ অব নিউ স্কলার্স, আর্টিস্টস অ্যান্ড সায়েন্টিস্টস’-এর সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক ড. রঞ্জন দত্ত। তিনি কানাডার আলবার্টা রাজ্যের ক্যালগেরিতে মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন।
কমিউনিটিভিত্তিক দুর্যোগ গবেষণা, আদিবাসী জ্ঞান এবং জলবায়ু অভিযোজন নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানজনক প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। কানাডার বাইরেও বাংলাদেশ ও নেপাল থেকে শুরু করে আর্কটিক অঞ্চল, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের নানা দেশের গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তিনি।
ড. দত্তের গবেষণার মূল লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘ অভিজ্ঞতা, ভূমিভিত্তিক জ্ঞান, নিজস্ব সংস্কৃতি ও প্রথাগত শাসনব্যবস্থাকে বিজ্ঞানচর্চা ও নীতিনির্ধারণের মূলধারায় আনা। তাঁর বিশ্বাস, পরিবেশগত সংকট মোকাবিলায় শুধু বৈজ্ঞানিক জ্ঞান যথেষ্ট নয়; প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাসকারী মানুষের অভিজ্ঞতাই টেকসই সমাধান দেখাতে পারে।
তাঁর কাজের আরেকটি বড় দিক ‘উপনিবেশমুক্তকরণ’ বা ডিকলোনাইজেশন। ড. রঞ্জনের মতে, এটি সাধারণ কোনো সরকারি নীতি বা স্বল্পমেয়াদি প্রকল্প নয়; বরং ভূমি, পানি, বন ও প্রকৃতির ওপর আদিবাসীদের প্রথাগত অধিকার, দায়বদ্ধতা ও কর্তৃত্ব ফিরিয়ে আনার দীর্ঘ যাত্রা।
প্রচারবিমুখ হিসেবে পরিচিত ড. দত্ত ও তাঁর পরিবার ক্যালগেরিতে প্রবাসজীবনের শুরু থেকেই সেখানে বাংলাদেশি কৃষ্টি, শিল্প ও সংস্কৃতির চর্চায় যুক্ত। উত্তর আমেরিকায় এমন অনেক বাংলাদেশি মেধাবী কাজ করছেন, যাঁদের সাফল্যের খবর প্রায়ই মূলধারার আলোচনায় আসে না।






