জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আচরণে দেশের ব্যবসায়ীরা বিমাতাসুলভ আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী ক্লাবে বিপিএএমইএর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ অভিযোগ করেন।

মোয়াজ্জেম হোসেন মতি বলেন, ‘এনবিআর মনে করে এ দেশের ব্যবসায়ীরা দেশশত্রু। তাদের আচরণটা আমাদের সঙ্গে এরকম বিমাতাসুলভ।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম কাস্টম হাউস, বেনাপোলসহ দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রগুলোতে কর্মরত এনবিআরের কর্মকর্তাদের আচরণে পরিবর্তন আনা জরুরি। প্রয়োজনে তাদের দেশপ্রেম ও ব্যবসাবান্ধব মনোভাব গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর অভিযোগ, কর আদায়ের নামে দেশের ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে এনবিআরকে ব্যবসাবান্ধব হতে হবে। সংস্থাটিকে ভাবতে হবে, কীভাবে ব্যবসায়ীরা সহজভাবে ব্যবসা করতে পারেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। আরও বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএএমইএর সভাপতি মো. শাহরিয়ার।

জানা গেছে, বিপিএএমইএর উদ্যোগে এবং এশিয়ান প্যাকেজিং ফেডারেশনের (এপিএফ) সহযোগিতায় তিন দিনব্যাপী এই কর্মসূচির নাম ‘বিপিএএমইএ–এপিএফ ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোগ্রাম–২০২৬’। এর প্রতিপাদ্য ছিল ‘স্থানীয় ও বৈশ্বিক বাজারের জন্য টেকসই ও মানসম্পন্ন প্যাকেজিং’।

দেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ খাতের দক্ষতা বাড়ানো, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করাই ছিল এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য।

Source: জাগো নিউজ২৪