টানা চার দফায় দাম কমানোর পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সর্বোচ্চ মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি এক বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চার দফায় কমেছিল দাম

এর আগে গত ২৫, ২৩, ২২ ও ১৩ অক্টোবর টানা চার দফায় সোনার দাম কমানো হয়েছিল। এতে সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমেছিল। সেই কমার পরই এবার দাম বাড়ানো হলো।

সর্বশেষ গত ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের এক ভরি গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি ২ হাজার ১৮৬ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ওই দামেই বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত সোনার গহনা বিক্রি হয়। এরপর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।

নতুন দাম কত

  • ২২ ক্যারেট: এক ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (ভ্যাটসহ)।
  • ২১ ক্যারেট: এক ভরি ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
  • ১৮ ক্যারেট: এক ভরি ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।
  • সনাতন পদ্ধতি: এক ভরি ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

সোনার গহনার দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারিত আছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা অপরিবর্তিত রয়েছে।

Source: জাগো নিউজ২৪