ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইটি হাব নির্মাণকাজের অগ্রগতি এবং এ-সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

এডিবির প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংস্থাটির সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট ফাইজা আহাদ। সাক্ষাৎকালে ঢাবির আইটি হাব নির্মাণকাজ কতদূর এগিয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে আলোচনা হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. কাজী মুহাইমিন-আস-সাকিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Source: জাগো নিউজ২৪