ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের ভাষ্য, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এ কথা বলেন তাঁরা। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে হাসপাতালটির ১২ তলার কনফারেন্স হলে ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ প্রতিপাদ্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিসিন, অ্যান্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোঅ্যান্টেরোলজি ও গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হসপিটালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আশরাফুল হোসাইন। তিনি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষজ্ঞরা জানান, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হলেও সঠিক চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাঁদের মতে, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিলে রোগটির জটিলতাও অনেকাংশে প্রতিরোধ করা যায়।

সেমিনারে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম। সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তানজিলা তাবিব চৌধুরী।

Source: জাগো নিউজ২৪