২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর বেলা ১১টায়।

তবে সরকারি স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। স্কুলে ভর্তির সামগ্রিক বিষয় নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তৈরি করা একটি খসড়া বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি শিগগিরই মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি করা হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে।

এতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এ অনুযায়ী, প্রতিটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক (পুলিশ) থানাকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য করা হবে।

ভর্তি কার্যক্রম শুরুর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য অনলাইনে আপলোড করতে হবে। আগামী ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে নির্ধারিত সফটওয়্যারে প্রতিষ্ঠানের তথ্য আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর। এরপর ১৫ ডিসেম্বর বেলা ১১টায় প্রথম শ্রেণিতে আবেদনকারী শিক্ষার্থীদের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

তবে ভর্তি কার্যক্রমের এসব তারিখ ও নিয়ম এখনো খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তির বিস্তারিত নির্দেশনা জানা যাবে।

Source: জাগো নিউজ২৪