২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির প্রস্তুতি চলছে। খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হওয়ার কথা রয়েছে। পছন্দের স্কুলে সন্তানকে ভর্তি করাতে চাওয়া অভিভাবকদের জন্য ভর্তিসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সঠিকভাবে একাধিক স্কুলে আবেদন করলে ডিজিটাল লটারিতে সন্তানের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।
ভর্তির নির্দেশনায় শুধু একটি প্রতিষ্ঠানে আবেদন না করে একাধিক স্কুল পছন্দের তালিকায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পছন্দের তালিকায় স্কুলের সংখ্যা ও বৈচিত্র্য যত বেশি থাকবে, অন্তত একটি স্কুলে নির্বাচিত হওয়ার সম্ভাবনাও তত বাড়বে।
এক আবেদনে পাঁচ স্কুল পছন্দ
নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী এক আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পারবে। তবে পছন্দ করা স্কুলগুলোকে একই থানার অধীনে হতে হবে। একই থানায় আরও স্কুল থাকলে সেগুলোর জন্য আলাদা আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিন্ন ভিন্ন থানার স্কুলে আবেদন করতে চাইলে সেখানেও পৃথকভাবে আবেদন করতে হবে। ফলে অভিভাবকরা পছন্দের এলাকার পাশাপাশি আশপাশের এলাকার স্কুলগুলোও বিবেচনায় রাখতে পারবেন।
প্রতি আবেদনে ফি ১১০ টাকা
ভর্তি-সংক্রান্ত তথ্যচিত্রে প্রতি আবেদনের জন্য ১১০ টাকা ফি উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে সাধারণ এসএমএস চার্জ যুক্ত হতে পারে। একাধিক আবেদন করলে প্রতিটির জন্য আলাদাভাবে ফি দিতে হবে। তবে ২০২৭ শিক্ষাবর্ষে একাধিক আবেদন, স্কুল পছন্দের সংখ্যা ও ফি সংক্রান্ত নিয়ম চূড়ান্ত বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নিতে হবে।
ঘরে বসেই অনলাইনে আবেদন
স্কুলে ভর্তির আবেদন করা যাবে অনলাইনে। দেশের যেকোনো স্থান থেকে অভিভাবকরা ঘরে বসেই আবেদন করতে পারবেন। এ জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো gsa.teletalk.com.bd। বিগত কয়েক বছর ধরে এই ওয়েবসাইটের মাধ্যমে স্কুলে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রস্তুত করা খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন চলবে। প্রথম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারি আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবেদন শুরুর আগে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে আবেদনসংখ্যা, স্কুল পছন্দের নিয়ম, ক্যাচমেন্ট এরিয়া এবং ফি সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর আবেদন করতে হবে।
Source: জাগো নিউজ২৪






