পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সংস্থাটি ওই সিদ্ধান্ত বাতিল করেছে। এর ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইন ও বিধিবিধান অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণেও স্বাধীনতা পাচ্ছে প্রতিষ্ঠানগুলো।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিশনের সব সদস্য এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা ভার্চুয়ালি অংশ নেন।
৯ নভেম্বরের সিদ্ধান্ত কী ছিল
ইউজিসি সূত্র জানিয়েছে, গত ৯ নভেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা না নিতে অনুরোধ জানানো হয়েছিল। এসব পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে সেই সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। কয়েকটি বিশ্ববিদ্যালয় আগেই ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছিল। এতে ভর্তি পরীক্ষা পেছানো হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
বিশেষ সভায় তিন সিদ্ধান্ত
এ পরিস্থিতিতে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বুধবার সন্ধ্যায় বিশেষ সভা ডাকে ইউজিসি। সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইন, সংবিধি, বিধি, প্রবিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যথাযথ একাডেমিক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তৃতীয় সিদ্ধান্তে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বায়ত্তশাসন ও স্বাধীনতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রচলিত আইনগত কাঠামোর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের শিক্ষা কার্যক্রম ও একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
ইউজিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বাধীনতা এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে না
নতুন এ সিদ্ধান্তের ফলে এইচএসসির পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের জন্য সব বিশ্ববিদ্যালয়কে অপেক্ষা করতে হবে না। বিশ্ববিদ্যালয়গুলো চাইলে নিজেদের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে পারবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Source: জাগো নিউজ২৪






