বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগী ও সাধারণ মানুষ চিকিৎসাসেবা এবং স্বাস্থ্য পরামর্শ নিয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প চলে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখেন। পাশাপাশি ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপের ব্যবস্থা রাখা হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইউরোলজিস্ট ও হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. রুহুল আমিন এবং হাসপাতালের এক্সিকিউটিভ চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালট্যান্ট, চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শায়দাহ উল্লাহ, ডা. তাহমিনা ফেরদৌসী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম হাফিজ, সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান (অব.) এবং মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন সোহেলসহ হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম বলেন, নভেম্বর মাসে পালিত তিনটি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে সমন্বিতভাবে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

তিনি বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক। সময়মতো নিয়ন্ত্রণ করা না গেলে শরীরের বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, বক্ষব্যাধি ও শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা এবং বিশুদ্ধ পরিবেশ জরুরি। শিশুদের সঠিক যত্ন, পুষ্টি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাও তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাসপাতাল নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক আয়োজন করে থাকে। তাঁর ভাষায়, সচেতনতাই সুস্থতার প্রথম পদক্ষেপ।

আয়োজকরা জানান, ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখা, আরবিএস স্ক্রিনিংয়ের মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপের পাশাপাশি প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়। এ ছাড়া ১ হাজার টাকায় বিশেষ প্যাকেজে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ রাখা হয়।

Source: জাগো নিউজ২৪