ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে নিরাপত্তা জোরদার করতে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে অতিথি প্রবেশে নজরদারি বাড়ানো, শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং হাউস টিউটরদের ফ্লোর পরিদর্শন কার্যক্রম জোরদার করা। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন কাঁটাবনের পকেট গেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, হল প্রভোস্টদের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। আবাসিক হল ও আবাসিক এলাকায় অতিথি প্রবেশের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। বিভিন্ন আবাসিক হলে নিরাপত্তা নিশ্চিত করতে হাউস টিউটরদের নিয়মিত ফ্লোর পরিদর্শন কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল ইতিমধ্যে জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদ আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং, বিভিন্ন হলের প্রভোস্ট ও ওয়ার্ডেন, আইসিটি সেলের পরিচালক, সহকারী প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






